...

বেনু, তুমি কেমন আছো?  আজকাল আর কিচ্ছু ভালো লাগে না। সারাদিন শুধু সেদিন এর দিনগুলোতে ভেসে বেড়াই। মাঝে মাঝেই মনে হয় শেষ বুঝি ঘনিয়ে এলো। ভাবছ বুঝি, কিসের শেষ? না গো না, সে শেষের গপ্পো তোমাকে বলব না। আমি সকাল থেকে সন্ধ্যে অবধি শুধু ভাবি, কখনো হাসি, আবার কখনো ডানপিটে চোখের জল মোটে বাধা মানে না। মন টিও বড় অবুঝ, সেই ছোট্ট বেলা থেকে বেটা কে বাগে আনতে পারলাম না। সারাদিন সে চোখের পাতায় রঙ তুলি নিয়ে ছবির মেলা বসায়। এমন দুষ্ট , সে নিজেই অতীতের কালো রঙ এ সে ছবি নষ্ট ও করে দেয়। ও বেনু, তোমার মনে পরে সেই ছেলে বেলার কথা? সেই প্ৰথম, তোমার সে কি রূপ, কি দাপট। ভুলতে পারিনা আজও। তখন তুমি ছিলে অজানা অচেনা একজন মানুষ। বুঝি আজও তাই। তবু পরিচয় হল। অনেকটা , না না কিছুটা কাছে এলে অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে। অনেক ভালো মন্দ সময়ের ভিড়ে সেই দিনগুলো শুধুই আমাদের। সেই সময় হাটঁতে গিয়ে পিছিয়ে পড়তাম, আর সেই তুমি আমাকে রাস্তা দেখিয়েছিলে, কথা দিয়েছিলে একসাথে চলার। তবু এ রাস্তায় আমি আজও একা। সেই গভীর রাতের কথা মনে পড়ে? তোমাকে জড়িয়ে নিশ্চিন্ত মনে বাড়ি ফেরা। কত শত রাত তোমাকে ভেবে কাটানো। কত রাত তোমার মনে মন মেলানো। আজ সবই শুধু স্মৃতি। সেই শীতের রাতে নদীর জলে মিশে গিয়েছিল আমাদের ভালোবাসার আবেগ। বুকের মাঝে আঁকড়ে ধরে, আলতো ঠোঁটের ছোঁয়া  জীবনের সব সুখ এনে দিয়েছিল সেই এক মুহূর্তে। প্রকৃতির স্তব্ধতা বলে দিয়েছিল এ সুখ ক্ষনিকের। সত্যিই তাই, আমি হারিয়ে ফেলেছিলাম তোমাকে। একটু ভুল বললাম কি? তাই তো, সেই তুমিই যে আমাকে দূরে সরিয়ে দিলে, এ কে কি হারানো বলে? কে জানে! দূর দূর, এ সব মন খারাপের কথা বলে আমি যে তোমার মন ও ভারী করে দিলাম। তুমিও যেমন, আমাকে এত কিছু বারন কর, মন খারাপের কথা বলতে বারন করলে না কেন শুনি? আরে, বাইরে যে মেঘ করেছে গো, ঘন কালো মেঘ। সেই সোনাঝুরি র দিন গুলোর মতো। গরম কালের বিকেল বেলা, কালবৈশাখী র পর, তুমি আর আমি বাঁশের মাচায় বসে কতই না সুখের দিন কাটিয়েছি। সেই সোঁদা মাটির গন্ধ, গাছের পাতার টুপ টাপ করে পড়া জল , গরম মাটি থেকে বেরানো তাপ আর বৃষ্টির পর ঠান্ডা হাওয়া সবই আমার মন ছুঁয়ে যায়। সেই কাদামাটির পথে তুমি আর আমি হাত ধরে হেঁটেছি, কতই না মধুর স্মৃতি। আর খোয়াই। তাকে যে ভোলা যায় না, সে যে তোমার স্বপ্ন ছিল।   মনে পরেআজও খোয়াই বয়ে চলে নিজের ছন্দে, কখনো কখনো ছুঁয়ে যায় আমাদের মতোই দুজনের পা। ...... আর কখনো এ লেখা শেষ হবে না... রইল অসমাপ্ত।

You Might Also Like

0 comments

Flickr Images